বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে ত্রুটি
জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ একই মালিকানাধীন হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।
বুধবার (০৩ জুলাই) দুপুরের পর থেকে এসব মাধ্যমে ছবি, পোস্ট ও ভিডিও দেখতে এবং লগইন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। অনেকের কভার ফটো ও ছবি থাকা শর্তেও শো করছে না।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন। ফেসবুকের পাশাপাশি ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘ইন্সটাগ্রাম’ এবং ‘হোয়াইটস অ্যাপ’ ব্যবহারেও সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের এই বিভ্রাট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে জানা গেছে।
বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে ঢোকা গেলেও গতি ছিল খুবই কম। রাত ৮টা ৪৯ মিনিট থেকে বাংলাদেশে সমস্যা বেশি হচ্ছে।
ফেসবুকে পোস্ট করা অধিকাংশ ছবিই দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।
তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

