বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ১৭ লাখ!
এবারের বিশ্বকাপ ফাইনালের ৪১ শতাংশ টিকিট ভারতীয় সমর্থকদের হাতে। ভারতীয়রা ধরেই নিয়েছিল বিশ্বকাপ ফাইনালে খেলবে ভারত। যে কারণে তারা আসরের শুরুতেই ফাইনালের টিকিট কিনে রাখে।
বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম উঠেছে ১৭ লাখ টাকা। এ খবর জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময়।
এরই মধ্যে স্টাবহাব নামের একটি ওয়েবসাইট কম্পটন স্ট্যান্ডের দুটি টিকিটের প্রতিটির জন্য ১৬ হাজার ৫৮৪.৮০ পাউন্ড চাইছে। বাংলাদেশি টাকায় যা ১৭ লাখ টাকা! এই টিকিটের প্রকৃত মূল্য ২৯৫ পাউন্ড।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় ভারত। যে কারণে ফাইনালের টিকিট কলো বাজারে চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও টিকিট ফেরৎ দিয়ে অর্থ সংগ্রহের নিয়ম রয়েছে। তবে সেই নিয়মে কয়জন যাবেন তা নিয়ে রয়েছে সংশয়।
ইংল্যান্ড ফাইনাল নিশ্চিত করায় স্বাগতিক দেশের সমর্থকরা টিকিটের জন্য মরিয়া হয়ে খুঁজছেন। ফাইনালের টিকিটের বাজার দাম দু’হাজার পাউন্ড। লর্ডসের গ্যালারি যাতে ফাঁকা না থাকে সেজন্য চিন্তিত আইসিসি। কালো বাজারে টিকিট বিক্রি করে এমন কিছু ওয়েবসাইটে নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হয়েছে।
ফাইনাল ম্যাচে গ্যালারি টইটুম্বর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সেই চিন্তা থেকেই ফাইনাল ম্যাচের জন্য নতুন করে আইসিসি ২০০ টিকিট বিক্রি করার ঘোষণা দিয়েছে।

